কক্রোচ জনতা পার্টির তিন নেতার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি মুম্বই পুলিশের

কক্রোচ জনতা পার্টি বা সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ। এর আগে দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে দলের এই তিন নেতার বিদেশযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কার কারণেই অভিবাসন দপ্তরের মাধ্যমে এই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে ‘চলো মুম্বই’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ওই দিন সেখানে জমায়েত হয়। এই ঘটনার পরদিন শিবাজি পার্ক থানায় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস-সহ ৪০০ জনের বেশি সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা ও মহারাষ্ট্র পুলিশ আইনের বিভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে। এর আগে ২৩ নভেম্বর লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয়েছিল সৌরভ দাসকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়। কেন্দ্র দিল্লি হাই কোর্টে জানায়, মহারাষ্ট্র পুলিশের অনুরোধেই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।