বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে: অমিত শাহ

বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে: অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, আগামী দিনে বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করা হবে। তিনি জানান, সংবিধান প্রণেতাদের মূল লক্ষ্য ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক যেন একই আইনের অধীনে জীবনযাপনের অধিকার পান। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, বর্তমানে গোয়া, উত্তরাখণ্ড, গুজরাত, অসম এবং মধ্যপ্রদেশে এই বিধি কার্যকর রয়েছে। রাহুল গান্ধি ও তাঁর দল এই ভাবনার বিরোধিতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশের সংবিধান ও শাসনব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহ বলেন, নির্বাচিত সরকারকে অবশ্যই সংবিধানের সীমার মধ্যে থেকে দেশ পরিচালনা করতে হবে। বিরোধীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন যে, সংবিধানের মূল ভাবনা বুঝতে হলে সংসদের গ্রন্থাগারে গিয়ে মূল সংবিধান দেখা উচিত। সংবিধানের মূল কপিতে নন্দলাল বসুর আঁকা বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ছবি রয়েছে, যা ভারতের মহান ঐতিহ্যের প্রতীক। সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়ানো নেতাদের এই ছবিগুলি দেখার আহ্বান জানান তিনি।

নকশালবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নরেন্দ্র মোদি সরকার দেশে নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। বস্তার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নকশাল প্রভাবিত এলাকার সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে রেশন কার্ড, ভোটার তালিকা, বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। শাহের মতে, এই পরিস্থিতিই প্রমাণ করে যে নকশালবাদের কারণে সাধারণ মানুষের কতটা ক্ষতি হয়েছে। সরকার এখন সেই বঞ্চিত মানুষদের সংবিধান অনুযায়ী প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *