টুলু মণ্ডলের বিরুদ্ধে নেই লুকআউট সার্কুলার, হাইকোর্টে জানাল রাজ্য

টুলু মণ্ডলের বিরুদ্ধে বর্তমানে কোনও লুকআউট সার্কুলার জারি নেই বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি নতুন করে কোনও সার্কুলার জারি করা হয়, তবে তা আদালতকে অবহিত করা হবে। টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার সংক্রান্ত বিষয়ে কোনও মামলা না থাকায় আদালত এ বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও রাজ্যের তরফে স্পষ্ট করা হয়েছে।
মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডল রক্ষাকবচ পেয়েছেন। তাই এই মামলার শুনানিতে তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন। তবে রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করেন টুলু মণ্ডলের আইনজীবী। এই পরিস্থিতিতে বিচারপতি অজয় মুখোপাধ্যায় টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
দীর্ঘদিন বিদেশে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন টুলু মণ্ডল। দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মহম্মদবাজার থানায় হাজিরা দেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুর ২টো নাগাদ সিউড়ি থানায় গিয়েও তদন্তকারীদের মুখোমুখি হন টুলু মণ্ডল। মামলার মাধ্যমে তদন্তের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে বলে আদালতে সওয়াল করেছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।