পুরুলিয়ায় বন্যপ্রাণ রক্ষা ও বনদপ্তরের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ

পুরুলিয়ায় বন্যপ্রাণ রক্ষা ও বনদপ্তরের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ

পুরুলিয়ার কংসাবতী উত্তর বন বিভাগের পাড়া রেঞ্জে বন্যপ্রাণ সংরক্ষণ ও বনজ সম্পদ রক্ষা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়লে উদ্ধারের জন্য রেঞ্জ আধিকারিক কিশলয় বিকাশ দে-কে ফোন করেও অনেক সময় পাওয়া যায় না। বাধ্য হয়ে তাঁদের ডিএফও বা উচ্চপদস্থ কর্তাদের দ্বারস্থ হতে হচ্ছে। এই পরিস্থিতিতে বনদপ্তরের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তাঁর মতে, বন্যপ্রাণ উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে বিভাগীয় পদক্ষেপ করা প্রয়োজন।

প্রায় ১১ হাজার হেক্টর বনভূমি নিয়ে গঠিত এই রেঞ্জে বেআইনি শিকার ও গাছ কাটার অভিযোগ দীর্ঘদিনের। চলতি বছরের জুন মাসে পুরুলিয়া ২ ব্লকের গোলামারা এলাকায় দুটি বুনো শূকর ও একটি হায়নাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। আগস্ট মাসে সিঁদুরপুর পাহাড়ে আরও একটি হায়নার মৃত্যুর ঘটনা সামনে আসে। এছাড়া শিকারিদের পাতা ফাঁদে সজারু, বুনো বিড়াল ও খরগোশের মতো ছোট প্রাণীরাও নিয়মিত বিপদের মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, পাহাড়ের পাদদেশের ঘন জঙ্গল ক্রমশ উধাও হয়ে যাচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্জ আধিকারিক কিশলয় বিকাশ দে জানিয়েছেন, ফোন রিচার্জের খরচ দপ্তর থেকে দেওয়া হয় না, তাই নিজের ইচ্ছামতোই তিনি ফোন ধরেন। অন্যদিকে, কংসাবতী উত্তর বন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া জরুরি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। বন্যপ্রাণী রক্ষা ও বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *