২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ

২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে পারে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির সূচি অনুযায়ী, ২০৩৪ সালের এই টুর্নামেন্টটি ৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০৩২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক দেশের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেট মহলে এই দুই দেশের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আইসিসি বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটাতে আগ্রহী। আমেরিকায় মেজর লীগ ক্রিকেট শুরুর পর নতুন স্টেডিয়াম তৈরি হওয়ায় পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে, যা বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফিরছে এবং এর ম্যাচগুলো নাইট রাইডার্স স্টেডিয়ামে আয়োজিত হবে। ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোও এই স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপে আমেরিকার তিনটি মাঠে খেলা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ২০৩৪ সালেও আমেরিকা বিশ্বকাপের অন্যতম আয়োজক হতে পারে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি হবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, যারা এর আগে ২০১০ সালে এককভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।