অমরনাথ যাত্রাপথে শেষনাগ হ্রদের কাছে খননকাজ নিয়ে বিতর্ক, মুখ খুলল বিআরও

অমরনাথ যাত্রার পথে শেষনাগ হ্রদের কাছে জেসিবি মেশিন দিয়ে খননকাজ চালানোর ঘটনায় জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবেশের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার পাহালগাঁওয়ের চন্দনওয়ারিতে পৌঁছন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তবে পুলিশ তাঁকে মাঝপথেই আটকে দেয়। মেহবুবা মুফতি অভিযোগ করেন, উন্নয়নের নামে ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা হচ্ছে, যা অমরনাথ গুহার হিমবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিতর্কের মুখে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) জানিয়েছে, এই কাজ অমরনাথ যাত্রা পরবর্তী পরিকাঠামোগত উন্নয়নের অংশ। সংস্থার দাবি, তীর্থযাত্রীদের যাতায়াত নিরাপদ ও সহজ করার লক্ষ্যে বিদ্যমান রাস্তা ও ট্র্যাক প্রশস্ত করার কাজ চলছে। বিআরও-র স্পষ্ট বক্তব্য, সমস্ত পরিবেশগত সতর্কতা মেনেই এই কাজ করা হচ্ছে এবং তা শুধুমাত্র আগে থেকে থাকা রাস্তার মধ্যেই সীমাবদ্ধ। নতুন কোনো নির্মাণকাজ হচ্ছে না বলেও তারা জানিয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিয়া আলতাফ আহমেদ এবং ধর্মগুরু মীরওয়াইজ উমর ফারুকও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, তীর্থযাত্রীদের সুবিধার বিরোধিতা না থাকলেও, পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, প্রায় ৩,৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত শেষনাগ হ্রদ পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং এটি জম্মু ও কাশ্মীরের উচ্চঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের তালিকায় রয়েছে। ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে এই সংবেদনশীল এলাকার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।