দিল্লির পার্কে ৯ বছরের শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, ধৃত অভিযুক্ত

দিল্লির একটি পার্কে নয় বছরের এক শিশুকে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর-পশ্চিম জেলা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে আসিফ নামে এক ব্যক্তি বিবাহিত এবং তার বিরুদ্ধে অতীতেও পার্কে যুগলদের বিরক্ত করার অভিযোগ ছিল। বর্তমান ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের অতীত রেকর্ড খতিয়ে দেখছে।