ইতিহাসে প্রথমবার পোর্ট ব্লেয়ারে বসছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

স্বাধীনতার পর এই প্রথমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বসতে চলেছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি কৃষ্ণ রাওয়ের সমন্বয়ে গঠিত এই বিশেষ ডিভিশন বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন। উল্লেখ্য, বিচারপতি কৃষ্ণ রাও নিজে আন্দামানের বাসিন্দা হলেও বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক ও বিচারবিভাগীয় ইতিহাসে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের অধীনে বর্তমানে তিনটি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে মূল বেঞ্চ কলকাতায় অবস্থিত এবং ১৯৫৩ সাল থেকে পোর্ট ব্লেয়ারে সার্কিট বেঞ্চ চালু রয়েছে। এছাড়া ২০১৯ সালে জলপাইগুড়িতে আরও একটি সার্কিট বেঞ্চের যাত্রা শুরু হয়। সাধারণত প্রতি ১৫ দিন অন্তর কলকাতা থেকে দু’জন বিচারপতি পোর্ট ব্লেয়ারে গিয়ে শুনানি সম্পন্ন করেন। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সেখানে বসার ঘটনা এই প্রথম। আন্দামানের বাসিন্দারা যাতে মূল আদালতের সঙ্গে নিজেদের বিচ্ছিন্ন মনে না করেন, সেই বার্তা দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, বর্তমানে পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে মোট ৬১০টি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে ৫৪৬টি দেওয়ানি এবং ৬৪টি ফৌজদারি মামলা। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে হাইকোর্টের কর্মসংস্কৃতিতে একাধিক ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এর আগে তিনি ব্যক্তিগতভাবে পোর্ট ব্লেয়ারে গিয়ে বিচারকাজ পরিচালনা করেছিলেন। প্রধান বিচারপতির এই সফর ও ডিভিশন বেঞ্চের কার্যক্রমকে কেন্দ্র করে আইনজীবী মহলে ইতিবাচক সাড়া পড়েছে।