মশা কেন নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ায়? নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ

মশা নির্বিচারে মানুষকে কামড়ায় না, বরং শিকার নির্বাচনের ক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু জৈবিক ও রাসায়নিক সংকেত অনুসরণ করে। গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপ মশার আকর্ষণের অন্যতম প্রধান কারণ। ‘জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি’-র তথ্য অনুযায়ী, ‘এ’ গ্রুপের তুলনায় ‘ও’ গ্রুপের রক্তের মানুষদের প্রতি এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা বেশি আকৃষ্ট হয়। এছাড়া শরীরের ঘাম ও লালার মাধ্যমে নিঃসৃত বিশেষ অ্যান্টিজেন বা ‘সিক্রেটর’ বৈশিষ্ট্য মশার কাছে মানুষকে আরও আকর্ষণীয় করে তোলে।
ত্বকের ব্যাকটেরিয়া বা ‘স্কিন মাইক্রোবায়োম’ মশার কামড়ের ঝুঁকি নির্ধারণে বড় ভূমিকা রাখে। ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য কম থাকলে এবং নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য থাকলে মশা সেই গন্ধে দ্রুত আকৃষ্ট হয়। জিনগত বৈশিষ্ট্য এবং ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিলের কারণে অনেক সময় একই পরিবারের সদস্যদের মশা বেশি কামড়ায়। এছাড়া দৈনন্দিন অভ্যাস ও শারীরিক অবস্থার প্রভাবও এক্ষেত্রে অনস্বীকার্য।
গবেষণায় দেখা গেছে, বিয়ার পান করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে আকৃষ্ট করে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও মশার কামড়ের প্রবণতা দ্বিগুণ থাকে, কারণ তাদের শরীরের তাপমাত্রা ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার তুলনামূলক বেশি হয়। এছাড়া মশা দৃষ্টিশক্তির মাধ্যমে গাঢ় নীল, কালো বা লাল রঙের পোশাক পরা ব্যক্তিদের সহজেই শনাক্ত করতে পারে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরা বুদ্ধিমানের কাজ হতে পারে।