পার্ক স্ট্রিটে ভুয়ো জিএসটি অফিসার সেজে আড়াই কোটির সোনার গয়না লুট

কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় এক স্বর্ণ বিপণিতে ভুয়ো জিএসটি অফিসার সেজে দুষ্কৃতীদের হানা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টা নাগাদ অভিযুক্তরা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শোরুমে প্রবেশ করে। তল্লাশির নামে তারা প্রায় ২.৫ কোটি টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শোরুম কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, খোয়া যাওয়া গয়নার মোট ওজন প্রায় ১,৯৮১.৭৮০ গ্রাম, যার মধ্যে ১০৮টি সোনার চুড়ি ও ২০টি সোনার বালা রয়েছে।
ঘটনার খবর পেয়েই পার্ক স্ট্রিট থানা ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। শোরুমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় উপস্থিত কর্মী ও নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। কোনো অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি ক্রিমিনাল রেকর্ড সেকশনের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তরা যাতে শহর ছেড়ে পালাতে না পারে, সেজন্য শহরের বিভিন্ন প্রবেশপথে নাকা চেকিং ও নজরদারি বাড়ানো হয়েছে। চুরি যাওয়া গয়না যাতে গলিয়ে ফেলা বা বিক্রি করা না যায়, সে বিষয়ে শহরের স্বর্ণব্যবসায়ী ও কারিগরদের সতর্ক করা হয়েছে। পুলিশের নিজস্ব সোর্স নেটওয়ার্কও সক্রিয় করা হয়েছে। শোরুমের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি এড়িয়ে কীভাবে এত বিপুল পরিমাণ গয়না সরানো হলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।