ব্যাংককের তেল ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল ডিপোয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে কেঁপে ওঠে প্রায় দেড় কিলোমিটার এলাকা। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ব্যাংক না জেলা কার্যালয়ের আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার এবং সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।