পানাগড় স্টেশনে এক ঘণ্টারও বেশি দাঁড়িয়ে কোলফিল্ড এক্সপ্রেস, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটিতে দুর্ভোগ

পানাগড়: নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশনে পৌঁছেও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এরপর পানাগড় স্টেশনে এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের.
জানা গিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা নাগাদ পানাগড় স্টেশনে পৌঁছনোর কথা ছিল কোলফিল্ড এক্সপ্রেসের। কিন্তু প্রায় ৩০ মিনিট দেরিতে ট্রেনটি মানকর স্টেশনে পৌঁছয়। সেখান থেকে রওনা দেওয়ার পরই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কোনও রকমে রাত ৮টা নাগাদ পানাগড় স্টেশনে পৌঁছয় ট্রেনটি। এরপর এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর আর এগোতে পারেনি সেটি। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেখানেই আটকে পড়ে কোলফিল্ড এক্সপ্রেস.
দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। রেলের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। যাত্রীদের অভিযোগ, এমনিতেই ট্রেন নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে চলছিল। তার ওপর এভাবে দীর্ঘক্ষণ আটকে থাকায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় পড়েন যাত্রীরা.
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর পানাগড় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ইঞ্জিন খুলে এনে কোলফিল্ড এক্সপ্রেসের বিকল ইঞ্জিনের পরিবর্তে লাগানো হয়। অবশেষে রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো সম্ভব হয়.
তবে কী কারণে ট্রেনের ইঞ্জিনে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং কেন নির্ধারিত সময়ের এত দেরিতে ট্রেনটি পানাগড়ে পৌঁছল, সে বিষয়ে স্টেশনে কর্তব্যরত রেলের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।
সূত্র: Subrata Roy-এর পাঠানো রিপোর্ট।