রাজারহাটের বাগানবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের মুখে বন্ধু

রাজারহাটের কালিকাপুরের আটঘরা এলাকায় একটি বাগানবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই যুবক বাগানবাড়িটি ভাড়া নিয়ে থাকতেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের সময় যুবকের কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছিল এবং পাশে মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখা যায়। তিনি মৃত্যুর আগে কারও সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মোবাইল ফোনটি পরীক্ষা করে কল রেকর্ড ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
জানা গেছে, দুদিন আগে ওই যুবকের এক বন্ধু বাগানবাড়িতে এসেছিলেন এবং রাতে দুজনে একসঙ্গেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এরপর তিনি স্থানীয় এক ব্যক্তিকে ফোন করে ডাকলে, ওই ব্যক্তি এসে গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ওই বন্ধুকে বাইরে বের করে আনে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।