আসানসোলে পুলিশি অভিযানে গুলি চালিয়ে চম্পট অভিযুক্তের

আসানসোলে এক অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ উঠল। পুরোনো একটি ডাকাতির মামলার তদন্তে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ ও হীরাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযানে নামে। অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কোনো পুলিশকর্মী আহত হননি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী, অভিযুক্ত প্রতাপ দাস আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ডাকাতির পাশাপাশি বেশ কিছু সাইবার প্রতারণার মামলাতেও তার যোগসূত্র থাকার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার সময় অভিযুক্ত দুই রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থলে কোনো পুলিশকর্মী সামনে না থাকায় বড় কোনো বিপদ ঘটেনি।
ঘটনাটি আসানসোল দক্ষিণ ও হীরাপুর থানার সীমান্তে ঘটলেও, পুলিশ কমিশনারের মতে মূল ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার অধীনেই সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে এলাকায় জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। তাকে ধরতে বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে।