নেপালে হড়পা বানে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

গত অগস্ট মাসে নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানের ঘটনায় নিখোঁজ ২১৩ জন ভারতীয় নাগরিককে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রকাশিত নিখোঁজ ভারতীয়দের তালিকায় রাজ্যের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের নামও রয়েছে। এই বিষয়ে ভারত সরকারের অবস্থান জানার পরেই মন্তব্য করবেন বলে জানিয়েছেন শুভ্রাংশু রায়।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে কারও কোনো আপত্তি বা বক্তব্য থাকলে তা ২ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। নির্দিষ্ট ফোন নম্বর বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নাম সংযোজন বা বিয়োজনের আবেদন করা যাবে। পরিবারের সদস্যদের বক্তব্য শোনার পরেই নেপাল সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং মৃত্যুর শংসাপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। এই সময়ে পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হতে পারে বলে দূতাবাস সূত্রে খবর।
উল্লেখ্য, গত ২৬ অগস্ট নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপাল প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, ওই বিপর্যয়ে ১,৪৫১ জনের মৃত্যু হয়েছে এবং ৫,৭৪৫ জন নিখোঁজ ছিলেন। উদ্ধার করা হয়েছে ১৩,৭৮৪ জনকে, যার মধ্যে ৩০৩ জন বিদেশি নাগরিক। নিখোঁজের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে এ রাজ্যের ৩৭ জন পর্যটক রয়েছেন, যাদের মধ্যে চারজন কলকাতার বাসিন্দা। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের মাধ্যমে নিখোঁজের তালিকা থেকে ১১২ জনের নাম বাদ দেওয়া হয়েছে।