রাজারহাটের বাগানবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজারহাটের একটি বাগানবাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ঘটনার দুদিন আগে ওই যুবকের এক বন্ধু সেখানে বেড়াতে এসেছিলেন। গত রাতে দুজনে একসঙ্গেই ঘুমিয়েছিলেন বলে খবর। সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে। এরপর তিনি পাশের এক ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানান।
ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে বাগানবাড়ির একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজারহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তের স্বার্থে ওই যুবকের মোবাইল ফোন ও কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর ঠিক আগে তিনি কারও সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলছিলেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, ওই বন্ধুর বয়ান এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও যাচাই করা হচ্ছে।