বিশেষভাবে সক্ষম ও প্রবীণ ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে বিশেষভাবে সক্ষম ও প্রবীণ ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে ৪ লক্ষ ৫৭ হাজার ৩৫৩ জন বিশেষভাবে সক্ষম এবং ৩ লক্ষ ৯৮ হাজার ৩৮২ জন ৮৫ বছরের বেশি বয়সি প্রবীণ ভোটার রয়েছেন। ‘কোনও ভোটার যেন বাদ না পড়েন’—এই লক্ষ্য নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একতলায় ভোটকেন্দ্র স্থাপন, র্যাম্পের ব্যবস্থা, ব্রেইল ব্যালট এবং বিনামূল্যে যাতায়াতের সুবিধা।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পাঁচ দিনের মধ্যে বুথ লেভেল অফিসাররা (বিএলও) যোগ্য ভোটারদের বাড়িতে গিয়ে ১২ডি ফর্ম সংগ্রহ করবেন, যাতে তাঁরা বাড়িতে বসেই ভোট দিতে পারেন। এছাড়া ‘সক্ষম’ অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজেদের নথিভুক্ত করতে পারবেন এবং হুইলচেয়ার বুকিংয়ের মতো পরিষেবাগুলি আরও সহজ করা হবে। রূপান্তরকামী এবং বিশেষভাবে বিপন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভোটারদের তালিকাভুক্ত করার প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে।
ভোটকেন্দ্রে সহায়তা কেন্দ্র ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মডেল ইভিএমের মাধ্যমে ভোটারদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের কার্যক্রম বাড়ানো হচ্ছে। এছাড়া অডিও-ভিজ্যুয়াল ক্লিপ, জিঙ্গল এবং সাংকেতিক ভাষার ভিডিওর মাধ্যমে প্রচার চালানো হবে। গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক নীতি বজায় রেখে যোগ্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।