প্যাকেটের গায়ে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, কেনার আগে যাচাই করুন এই ৫ বিষয়

বাজারে পাওয়া বিভিন্ন স্ন্যাকস বা প্রোটিন বারের প্যাকেটে ‘হাই প্রোটিন’ লেখা থাকলেও তা সবসময় স্বাস্থ্যকর হয় না। অনেক সময় সামান্য প্রোটিন মিশিয়ে বেশি দামে বিক্রি করা এসব পণ্যে প্রচুর পরিমাণে চিনি, নুন ও ক্ষতিকর ফ্যাট থাকে। তাই কোনো খাবার কেনার আগে প্যাকেটের পিছনের নিউট্রিশন লেবেল বা পুষ্টির তালিকা যাচাই করা অত্যন্ত জরুরি।
প্রথমেই দেখুন প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ কত। ১০ গ্রামের কম প্রোটিন থাকলে সেটিকে হাই প্রোটিন বলা যায় না, অন্তত ১৫-২০ গ্রাম প্রোটিন থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি চিনির পরিমাণ খেয়াল করুন; অনেক ক্ষেত্রে ২০ গ্রাম প্রোটিনের সঙ্গে ২৫ গ্রাম পর্যন্ত চিনি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি ৫ গ্রামের কম থাকাই ভালো। এছাড়া উপকরণের তালিকায় চিনি, গ্লুকোজ সিরাপ, পাম অয়েল বা ময়দা শুরুতে থাকলে সেই খাবার এড়িয়ে চলাই শ্রেয়।
প্রোটিনের উৎস হিসেবে হোয়ে, পি বা সোয়া প্রোটিন ভালো হলেও কোলাজেন বা জিলেটিন দিয়ে প্রোটিন বাড়ানো হলে তার গুণমান কম হয়। ফাইবার অন্তত ৩-৫ গ্রাম থাকা ভালো এবং স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট যতটা সম্ভব কম থাকা উচিত। সবশেষে ক্যালোরির দিকে নজর দিন। একটি ছোট বারে ৩০০-৪০০ ক্যালোরি থাকলে তা স্ন্যাকস নয়, বরং একটি পূর্ণ মিলের সমান হয়ে যায়। তাই প্যাকেটের সামনের বড় বিজ্ঞাপনের চেয়ে পিছনের ছোট লেখাগুলোই আসল সত্য তুলে ধরে।