বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন, প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। অতীতেও ভারত একাধিকবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলায় ১,৪৪৫টি নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৮৬টি খুন ও অস্বাভাবিক মৃত্যু, ৪০৮টি বাড়িঘর ও সম্পত্তিতে হামলা এবং ২৫১টি মন্দির ভাঙচুরের অভিযোগ রয়েছে। সংগঠনটি জানিয়েছে, ভয় ও সামাজিক চাপের কারণে অনেক আক্রান্ত পরিবার অভিযোগ জানাতে সাহস পায় না, ফলে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গ্রেফতারি, জমি দখল এবং পরিবারগুলিকে ভিটেমাটি ছাড়তে বাধ্য করার মতো ঘটনা ঘটছে। থানায় অভিযোগ নথিভুক্ত করতে দেরি এবং তদন্তে গাফিলতির কারণে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত ও আইনের সমান প্রয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *