বড়বাজারের ব্যবসায়ী খুনের ঘটনায় তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট

২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বড়বাজারের ব্যবসায়ী শম্ভু চৌধুরীকে অপহরণ ও খুনের ঘটনায় তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিয়েছে। দীর্ঘ ২২ বছর আগের এই মামলায় অভিযুক্ত মহম্মদ নওশাদ, শামসের আলি এবং শেখ আবদুল হামিদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
ঘটনার রাতে রবীন্দ্র সরণিতে নিজের দফতর থেকে ফেরার পথে ২৫ বছর বয়সী ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। চিৎপুর পেট্রল পাম্পের সামনে দুষ্কৃতীরা গাড়িতে উঠে চালকের গলায় ছুরি ধরে ব্যবসায়ীকে মারধর শুরু করে। আরজি কর রোডের কাছে লুটপাটের পর ক্যানাল ওয়েস্ট রোডে নিয়ে গিয়ে শম্ভু চৌধুরীকে গুলি করে ও গলা কেটে খুন করা হয়। ঘটনার পর চালককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
২০১২ সালে আলিপুর আদালত তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন দোষীরা। তাদের দাবি ছিল, প্রত্যক্ষদর্শী ঠিকমতো শনাক্ত করতে পারেননি এবং অস্ত্র উদ্ধারের প্রমাণ যথেষ্ট নয়। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গাড়ির চালক প্রত্যক্ষদর্শী হিসেবে অপরাধীদের চিনতে ভুল করেছেন, তা বিশ্বাসযোগ্য নয়। এছাড়া ব্যালিস্টিক পরীক্ষায় উদ্ধার হওয়া পিস্তল ও গুলির খোল মিলে যাওয়ায় আদালত এই প্রমাণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছে।