চাকরি গোপন করে খোরপোশ দাবি, স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট

বেঙ্গালুরুতে বহুজাতিক সংস্থায় কর্মরত থাকা সত্ত্বেও নিজেকে বেকার দাবি করে স্বামীর কাছে খোরপোশ চাওয়ার অভিযোগে এক তরুণীকে জরিমানা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ এই মামলায় আলিপুর আদালতের আগের নির্দেশ খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, ওই স্ত্রী নিজের প্রকৃত আয় গোপন করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৫ এপ্রিল আলিপুর আদালতে স্বামীর কাছে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করেছিলেন ওই তরুণী। তিনি নিজেকে আর্থিক ভাবে স্বামীর উপর নির্ভরশীল বলে দাবি করেন। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
হাই কোর্টে শুনানির সময় জানা যায়, ওই তরুণী বি-টেক এবং এমসিএ ডিগ্রিধারী। বেঙ্গালুরুতে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত অবস্থায় ২০২৬ সালের আগস্ট মাসে তাঁর মাসিক বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা। অথচ স্বামীর মাসিক আয় ছিল প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। নিজের উপার্জন গোপন করার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত ওই তরুণীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও স্ত্রী নিজেকে বেকার সাজিয়ে খোরপোশ আদায়ের চেষ্টা করেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির যে যুক্তি স্ত্রী দিয়েছিলেন, তা আদালত গ্রহণ করেনি। এই রায়ের ফলে স্বামীকে আর কোনো খোরপোশ দিতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাই কোর্ট।