মঞ্চে বাদশাকে ‘সুপারস্টার’ আখ্যা শ্রেয়া ঘোষালের, আবেগপ্রবণ হয়ে কী বললেন র্যাপার?

প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে এক জমজমাট অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল এবং র্যাপার বাদশা। তাঁদের সাম্প্রতিক গান ‘মাহিয়া’ স্টুডিওতে রেকর্ড করার পর এই প্রথমবার সরাসরি দর্শকদের সামনে পরিবেশন করলেন তাঁরা। গানের পাশাপাশি দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ রসায়নও নজর কেড়েছে উপস্থিত দর্শকদের।
ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে শ্রেয়া ঘোষাল বাদশাকে ‘সবচেয়ে বড় সুপারস্টার’ বলে অভিহিত করেছেন। গায়িকার মতে, এত বড় তারকা হওয়া সত্ত্বেও বাদশার মধ্যে এক ধরনের শিশুসুলভ সরলতা রয়েছে। মজার ছলে তাঁকে ‘পুকি’ বলে সম্বোধন করে গায়িকা তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। শ্রেয়ার কথায়, স্টুডিওর মতো মঞ্চেও বাদশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।
নিজের দীর্ঘ ২০ বছরের সংগীতজীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বাদশা। তিনি জানান, সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। শ্রেয়ার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়াকে তিনি নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। গায়িকা তাঁকে কেবল মঞ্চেই নয়, সংগীতের জগতেও স্বীকৃতি দিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাদশা। অনুষ্ঠানের শেষে দুই শিল্পীকে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়। উল্লেখ্য, বাদশা ও শ্রেয়ার গাওয়া ‘মাহিয়া’ গানটির কথা ও সুর বাদশারই তৈরি।