শাওমির নতুন স্মার্ট লক: ফেস ও পাম স্ক্যানিং প্রযুক্তিতে খুলবে দরজা

শাওমি বাজারে নিয়ে এল তাদের নতুন স্মার্ট ডোর লক, যা উন্নত 3D ফেস রেকগনিশন এবং 2K ক্যামেরা প্রযুক্তিতে সজ্জিত। এই লকে থাকা ডুয়াল-লেন্স প্রযুক্তি ব্যবহারকারীর মুখ শনাক্ত করে এক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিতে সক্ষম। এটি ১.২ মিটার থেকে ২ মিটার উচ্চতার ব্যক্তিদের ০.৪ থেকে ০.৮ মিটার দূরত্ব থেকে স্ক্যান করতে পারে। এছাড়া 3D লাইভনেস ডিটেকশন প্রযুক্তি থাকায় ছবি বা ভিডিও ব্যবহার করে প্রতারণার সুযোগ নেই। অন্ধকারেও এই প্রযুক্তি সমানভাবে কার্যকর।
ব্যবহারকারীদের সুবিধার জন্য এতে কন্ট্যাক্টলেস পাম ভেইন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা হাতের তালুর রক্তনালীর বিন্যাস স্ক্যান করে দরজা খুলে দেয়। ফেস ও পাম স্ক্যানার ছাড়াও এতে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, ব্লুটুথ, মোবাইল অ্যাপ এবং এনএফসি কার্ডের মাধ্যমে আনলক করার সুবিধা রয়েছে। দরজার বাইরে ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ৩ মেগাপিক্সেল 2K ক্যামেরা বসানো হয়েছে, যা সন্দেহজনক গতিবিধি শনাক্ত করলে ফোনে অ্যালার্ট পাঠায়। দরজার ভেতরের দিকে থাকা ৩.৯৭ ইঞ্চির স্ক্রিনে বাইরের ব্যক্তির ছবি দেখা যায় এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথা বলার ব্যবস্থাও রয়েছে।
নিরাপত্তার খাতিরে দরজা ঠিকমতো বন্ধ না হলে বা ভাঙার চেষ্টা হলে এতে অ্যালার্ম বেজে ওঠে। ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি রয়েছে, যা প্রায় চার মাস পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। চার্জ শেষ হয়ে গেলে অতিরিক্ত চারটি এএ ব্যাটারি আরও ছয় মাস পর্যন্ত লকটিকে সচল রাখতে পারে। জরুরি প্রয়োজনে ইউএসবি-সি পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেও এটি খোলা সম্ভব। বর্তমানে চীনে এই স্মার্ট লকটির প্রি-সেল চলছে, যার দাম প্রায় ২১,৫০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। তবে আন্তর্জাতিক বাজারে এটি কবে আসবে, সে বিষয়ে শাওমি এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।