প্যাকেটের গায়ে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, কেনার আগে যাচাই করুন এই ৫ বিষয়

বাজারে পাওয়া বিভিন্ন স্ন্যাকস বা প্রোটিন বারের প্যাকেটে ‘হাই প্রোটিন’ লেখা থাকলেও তা সবসময় স্বাস্থ্যকর হয় না। অনেক সময় সামান্য প্রোটিন মিশিয়ে বেশি দামে বিক্রি করা এসব খাবারে প্রচুর পরিমাণে চিনি, নুন ও ক্ষতিকর ফ্যাট থাকে। তাই কোনো স্ন্যাকস কেনার আগে প্যাকেটের পিছনের নিউট্রিশন লেবেল বা পুষ্টির তালিকা যাচাই করা অত্যন্ত জরুরি।
প্রথমেই দেখুন প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ কত। ১০ গ্রামের কম প্রোটিন থাকলে তাকে হাই প্রোটিন বলা যায় না, অন্তত ১৫-২০ গ্রাম প্রোটিন থাকা বাঞ্ছনীয়। এরপর চিনির দিকে নজর দিন। অনেক প্রোটিন বারে ২০ গ্রাম প্রোটিনের সঙ্গে ২৫ গ্রাম পর্যন্ত চিনি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনির পরিমাণ ৫ গ্রামের কম থাকাই ভালো। এছাড়া উপকরণের তালিকায় যদি চিনি, গ্লুকোজ সিরাপ, পাম অয়েল বা ময়দা শুরুতে থাকে, তবে তা এড়িয়ে চলাই শ্রেয়।
প্রোটিনের উৎস হিসেবে হোয়ে, পি বা সোয়া প্রোটিন ভালো। তবে কোলাজেন বা জিলেটিন দিয়ে প্রোটিন বাড়ানো হলে তার গুণমান কম হয়। পাশাপাশি ফাইবার ও ফ্যাটের পরিমাণ দেখুন; ৩-৫ গ্রাম ফাইবার থাকা ভালো এবং স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট যতটা সম্ভব কম থাকা উচিত। সবশেষে ক্যালোরির দিকে খেয়াল রাখুন। একটি ছোট বারে ৩০০-৪০০ ক্যালোরি থাকলে তা স্ন্যাকস নয়, বরং একটি পূর্ণ মিলের সমান হয়ে যায়। তাই প্যাকেটের সামনের বড় বিজ্ঞাপনের চেয়ে পিছনের ছোট লেখাটিই আসল সত্য বলে দেয়।