প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য আড়াই মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠাল ভারত

প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য আড়াই মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠাল ভারত

প্যালেস্টাইনি শরণার্থীদের সহায়তার জন্য রাষ্ট্রসংঘের মাধ্যমে ২৫ লক্ষ মার্কিন ডলার আর্থিক অনুদান পাঠাল ভারত। রাষ্ট্রসংঘের অধীনস্থ ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইন দ্য নিয়ার ইস্ট’ (UNRWA)-এর মাধ্যমে এই অর্থ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের কাছে পৌঁছবে। প্রতি বছর প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য ৫০ লক্ষ মার্কিন ডলার আর্থিক সাহায্য দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত দিয়েছিল, সেই চুক্তির অংশ হিসেবেই এই অনুদান প্রদান করা হয়েছে।

প্যালেস্টাইনে নিযুক্ত ভারতের প্রতিনিধি মহিমা সিকান্দ আনুষ্ঠানিকভাবে ইউএনআরডব্লিউএ-র সিনিয়র ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট খালেদ হিন্দেইয়ের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। ভারতের দেওয়া এই অর্থ মূলত শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজে ব্যয় করা হবে। ১৯৫০ সাল থেকে কর্মরত এই সংস্থাটি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির স্বেচ্ছায় দেওয়া অনুদানের ওপর ভিত্তি করেই তাদের যাবতীয় মানবিক পরিষেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে।

অনুদান প্রদান অনুষ্ঠানে মহিমা সিকান্দ জানান, প্যালেস্টাইনি শরণার্থীদের কল্যাণে ইউএনআরডব্লিউএ যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, তার জন্য ভারত সরকার ধারাবাহিকভাবে সমর্থন জুগিয়ে আসছে। ভারতের এই দীর্ঘদিনের রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউএনআরডব্লিউএ কর্তৃপক্ষ। পশ্চিম এশিয়ার বর্তমান মানবিক সংকটের আবহে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *