শীতকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেন বাড়ে? সুস্থ থাকতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা?

শীতকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেন বাড়ে? সুস্থ থাকতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা?

শীতের মরশুম শুরু হতেই অনেকের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রকট হয়ে ওঠে। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে সাধারণ ভেবে অবহেলা করা উচিত নয়। সময়মতো সচেতন না হলে এর থেকে অর্শ বা পাইলসের মতো যন্ত্রণাদায়ক রোগ হতে পারে। বৃহদন্ত্রে মল দীর্ঘক্ষণ আটকে থাকলে শরীর সেখান থেকে জল শুষে নেয়, যার ফলে মল শক্ত হয়ে যায় এবং মলত্যাগের সময় তীব্র কষ্টের সৃষ্টি হয়।

দিল্লির শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ পীযূষ গুপ্তার মতে, শীতকালে জল খাওয়ার প্রবণতা কমে যাওয়া এই সমস্যার অন্যতম প্রধান কারণ। এছাড়া ঠান্ডার কারণে শারীরিক পরিশ্রম বা হাঁটাচলা কমে যাওয়া এবং অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হওয়াও হজমের সমস্যা তৈরি করে। শীতের দুপুরে গরম তেলেভাজা বা ভারী খাবার খাওয়ার প্রবণতা এবং ডায়েট থেকে ফাইবারযুক্ত শাকসবজি ও ফল বাদ দেওয়া পরিস্থিতি আরও জটিল করে তোলে।

সুস্থ থাকতে তেষ্টা না পেলেও পর্যাপ্ত জল পান করা এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা জরুরি। সকালের বাথরুমে যাওয়ার রুটিন বজায় রাখা এবং ডায়েটে মরসুমি শাকসবজি রাখা প্রয়োজন। তবে সব নিয়ম মেনে চলার পরেও যদি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকে, তবে তা অবহেলা করা উচিত নয়। বিশেষ করে মলের সঙ্গে রক্ত পড়া, হঠাৎ ওজন কমে যাওয়া বা পেটে তীব্র ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *