এসআইআর-এর জেরে সরকারি সুবিধা থেকে বঞ্চনা, রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR)-এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে নোটিশ জারি করে জবাব তলব করেছে। আবেদনকারী প্রসেনজিৎ বসুর দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অজুহাতে অন্নপূর্ণা যোজনা, গণবণ্টন ব্যবস্থা এবং ওবিসি শংসাপত্রের মতো সরকারি সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে।
আবেদনকারীর আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে, রাজ্য সরকার গত ৪ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এসআইআর-এর ফলাফলের ভিত্তিতে পিডিএস উপভোক্তাদের যাচাই এবং তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও কোনো নাগরিককে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যায় না, যা আদালতের পূর্ববর্তী নির্দেশেই উল্লেখ রয়েছে। আদালত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছে।
শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগের বিরোধিতা করে বলেন, তথ্য-প্রমাণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ আনা উচিত নয়। তবে বিচারপতি বাগচী এই দাবি খারিজ করে জানান, আবেদনকারীরা রাজ্য সরকারের একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি আদালতে পেশ করেছেন। সেই বিজ্ঞপ্তিটি আদৌ কার্যকর করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষাপটেই শীর্ষ আদালত রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত জবাব চেয়ে নোটিশ ইস্যু করেছে।