দিল্লির ক্যাফেতে ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

দিল্লির প্রীতবিহার এলাকায় এক ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা কারকারদুমা এলাকার একটি মলের ক্যাফেতে কাজ করতেন। অভিযোগ, গত সোমবার রাতে সহকর্মীদের আমন্ত্রণে তিনি প্রীতবিহারের ওই ক্যাফেতে পার্টি করতে গিয়েছিলেন। ক্যাফেটি রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে গেলেও, অভিযুক্তদের একজনের কাছে চাবি থাকায় তারা রাত ৩টে পর্যন্ত সেখানে মদ্যপান ও পার্টি করেন।
তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টি চলাকালীন দুই পুরুষ সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন এবং বাকিরা তাতে সহায়তা করেন। এই ঘটনায় চারজন পুরুষ ও দুইজন মহিলা সহকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুই মহিলাসহ মোট তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
দিল্লিতে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পুলিশি নজরদারির অভাব ও পরিকাঠামো নিয়ে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল। নির্ভয়াকাণ্ডের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে আদালত পুলিশি ব্যবস্থার ব্যর্থতার দিকে আঙুল তুলেছিল। সেই ভর্ৎসনার কিছুদিনের মধ্যেই ফের রাজধানীতে এই ধরনের জঘন্য অপরাধের ঘটনা প্রকাশ্যে এল।