নিম্নচাপ কাটতেই রাজ্যে শীতের আমেজ, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব কাটিয়ে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। গত সপ্তাহের শেষ দিকে রাজ্যজুড়ে চলা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের পর সোমবার রাত থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীনিকেতনে ১৮.৬ ডিগ্রি এবং বহরমপুরে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে কলকাতা-সহ গোটা রাজ্যের রাতের তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আপাতত ভোরের দিকে এবং রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত রাজ্যজুড়ে বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা দিতে পারে। বুধবার ভোরের দিকে উত্তরবঙ্গের আটটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে এবং পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো বড় ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি।