কলকাতায় বিদেশি নাগরিকদের নিশানা করে প্রতারণা, ট্যাংরা ও রসপুঞ্জায় হানা দিয়ে গ্রেফতার ২০

কলকাতায় বিদেশি নাগরিকদের নিশানা করে প্রতারণা, ট্যাংরা ও রসপুঞ্জায় হানা দিয়ে গ্রেফতার ২০

বিদেশি নাগরিকদের নিশানা করে চলা প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ট্যাংরা ও দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জা এলাকায় অভিযান চালিয়ে দুটি বেআইনি কল সেন্টারের হদিশ পায় পুলিশ। এই অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে ব্রিটেন ও আমেরিকার প্রবীণ নাগরিকদের টার্গেট করে এই প্রতারণা চালানো হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন, রাউটার এবং ১৫টি মাল্টিমিডিয়া হেডফোন। এছাড়া তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইসগুলি থেকে ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশি নাগরিকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং এই ধরনের জালিয়াতি চক্রের শিকড় উপড়ে ফেলতে লালবাজারের পক্ষ থেকে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *