যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চালু হচ্ছে ‘ডিএ-জেইউ’ সম্মাননা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চালু হচ্ছে ‘ডিএ-জেইউ’ সম্মাননা

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। এই বিশেষ দিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেরা প্রাক্তনীদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আনুষ্ঠানিকভাবে ‘ডিস্টিংগুইসড অ্যালুমনাই- জেইউ অ্যাওয়ার্ড’ বা ‘ডিএ-জেইউ’ সম্মাননা চালু করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রাক্তনীদের এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে এবং এ বছরের সমাবর্তনের জন্য তালিকাও প্রস্তুত করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে সফল প্রাক্তনীদের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

এদিকে, সমাবর্তন প্রক্রিয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই সদস্য কিশলয় রায় ও তীর্থরাজ বর্ধন উপাচার্যকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাধ্যতামূলক স্ট্যাটিউটরি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। বিশেষ করে দ্রুত এক্সিকিউটিভ কাউন্সিল এবং ইউনিভার্সিটি কোর্টের বৈঠক ডাকার আর্জি জানানো হয়েছে। প্রশাসনিক গাফিলতির কারণে যাতে কোনো পড়ুয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও তাঁরা সতর্ক করেছেন। বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তাও দেওয়া হয়েছে ওই চিঠিতে।

টিএমসিপির চিঠির প্রেক্ষিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সমাবর্তন নিয়ে তাঁদের উদ্বেগের বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিধিবদ্ধ নিয়ম মেনে এবং যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *