সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণঋণ সংস্থাগুলির সম্পদ

সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণঋণ সংস্থাগুলির সম্পদ

দেশে সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্বর্ণঋণ প্রদানকারী নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির (এনবিএফসি) সামগ্রিক সম্পদের পরিমাণ বা ‘অ্যাসেট্‌স আন্ডার ম্যানেজমেন্ট’ (এইউএম) লাফিয়ে বাড়ছে। দেশের বৃহত্তম স্বর্ণঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফিন্যান্সের তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের কাছে বন্ধকি সোনার পরিমাণ বেড়ে ২০৪ টনে দাঁড়িয়েছে, যা প্রথম ত্রৈমাসিকে ছিল ১৯৭ টন। এর ফলে তাদের মোট এইউএম ১.৩২ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ১.৮৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

একই চিত্র দেখা যাচ্ছে মনপ্পুরম ফিন্যান্সের ক্ষেত্রেও। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৭০ টন সোনার বিপরীতে ঋণ দিয়েছে সংস্থাটি, যা প্রথম ত্রৈমাসিকে ছিল ৬৭ টন। এর জেরে তাদের এইউএম গত বছরের ৩১,৫০৫ কোটি টাকা থেকে বেড়ে ৬০,৬৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া আইআইএফএল ফিন্যান্সের ক্ষেত্রেও বন্ধকি সোনার পরিমাণ ৬৪.৩ টন থেকে বেড়ে ৬৯.৩ টনে পৌঁছেছে। সংস্থাটির স্বর্ণঋণ বিভাগের আধিকারিকদের মতে, বর্তমানে হলুদ ধাতু বন্ধক দেওয়ার প্রবণতা বাড়ায় প্রতিষ্ঠানগুলির সোনার মজুত বৃদ্ধি পাচ্ছে।

তবে সোনার দামের ওঠানামা নিয়ে কিছুটা উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালেও, ১৯ নভেম্বর তা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে আসে। সোনার দামের এই অস্থিরতা এবং ক্রমবর্ধমান ঋণের চাহিদার প্রেক্ষিতে ব্যাঙ্ক ও স্বর্ণঋণ প্রদানকারী এনবিএফসিগুলির আর্থিক লেনদেনের ওপর বিশেষ নজরদারি শুরু করেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *