পুরুলিয়ার কাঁসাই নদীতে মিলল কালী মূর্তি, দর্শনে ভিড় ভক্তদের

পুরুলিয়ার আড়শা থানার অন্তর্গত কাঁসাই নদীর বেলডি এলাকায় মাঝ নদী থেকে একটি সিমেন্টের তৈরি কালী মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন আগে নদীর মাঝখানে মূর্তিটি দেখতে পান তাঁরা। এই ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিও দেখে দূর-দূরান্ত থেকে বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা নদী থেকে মূর্তিটি তুলে এনে তীরের একটি নির্দিষ্ট স্থানে স্থাপন করেছেন। বর্তমানে সেখানে নিয়মিত পূজা-অর্চনা চলছে এবং ভক্তদের সমাগম অব্যাহত রয়েছে। বিষয়টি প্রচারের জন্য গ্রামে ঢোল পিটিয়েও ঘোষণা করা হয়েছে।
মূর্তিটি ঘিরে স্থানীয়দের মধ্যে মন্দির নির্মাণের দাবি জোরালো হচ্ছে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং মন্দির তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। স্থানীয়রা ভক্তিভরে মূর্তিটি দর্শন করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় উদ্দীপনা তৈরি হয়েছে।