নিজের বাড়িতেই শান্তি ও সম্মানের অধিকার, ছেলে-বৌমাকে বাড়ি ছাড়ার নির্দেশ হাইকোর্টের

নিজের বাড়িতেই শান্তি ও সম্মানের অধিকার, ছেলে-বৌমাকে বাড়ি ছাড়ার নির্দেশ হাইকোর্টের

দিল্লির ৮৫ বছর বয়সী এক প্রবীণ নাগরিকের আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, কোনো প্রবীণ নাগরিককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে বাধ্য করা যায় না। নিজের কষ্টার্জিত সম্পত্তিতে শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে ওই বৃদ্ধের। বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ এই নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট বৃদ্ধের বড় ছেলে ও পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে পুলিশকে বৃদ্ধের সহায়তায় এগিয়ে আসার কথাও বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই বাড়িটি কিনেছিলেন বৃদ্ধ। ২০০৩ সালে বিয়ের পর থেকে বড় ছেলে ও পুত্রবধূ সেখানে বসবাস শুরু করেন। বৃদ্ধের অভিযোগ, সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং ২০২০ সালে স্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আর্থিক দায়িত্ব পালন না করা, হুমকি দেওয়া এবং ছোট ছেলেকে মারধরের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। জেলা প্রশাসন ও ডিভিশনাল কমিশনার শুরুতে প্রমাণের অভাব দেখিয়ে তাঁর আবেদন খারিজ করে দিলেও, হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়।

বিচারপতি অমিত মহাজন পর্যবেক্ষণ করেন যে, বাড়ির চার দেওয়ালের মধ্যে প্রবীণদের ওপর দুর্ব্যবহারের প্রত্যক্ষ প্রমাণ জোগাড় করা সবসময় সম্ভব হয় না। তাই প্রমাণের অভাব দেখিয়ে তাঁদের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। আদালত আরও জানায়, নিজের সম্পত্তি থেকে সন্তানদের সরানোর আবেদন করার জন্য প্রবীণ নাগরিককে যে সবসময় অত্যাচারের সুনির্দিষ্ট প্রমাণ দিতেই হবে, আইনে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই রায়ের মাধ্যমে প্রবীণদের নিজস্ব বাড়িতে নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাসের অধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *