গোধরা ট্রেনকাণ্ড: গুরুতর অসুস্থ সাজাপ্রাপ্তের সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট

২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইরফান সিরাজ পাডার সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
আদালতে আবেদনকারীর আইনজীবী জানান, ইরফান গুরুতর হৃদরোগে আক্রান্ত এবং তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। চিকিৎসার প্রয়োজনে সাজা স্থগিত রাখার আবেদন জানানো হয়। গুজরাট সরকার এই আবেদনের বিরোধিতা করেনি। রাজ্যের আইনজীবী স্বীকার করেন যে, আবেদনকারীর অসুস্থতার তথ্য সঠিক এবং চিকিৎসাজনিত কারণে সাজা স্থগিতের আবেদনে তাঁদের আপত্তি নেই।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের কামরায় অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যু হয়েছিল। ২০১১ সালে বিশেষ আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট সাজা বহাল রাখে এবং ২০১৮ সাল থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আদালত স্পষ্ট করেছে যে, এই নির্দেশের মাধ্যমে সাজাপ্রাপ্তকে নির্দোষ ঘোষণা করা হয়নি, শুধুমাত্র চিকিৎসার স্বার্থে সাজা স্থগিত রাখা হয়েছে।