আট বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল টেবিল টেনিস

আট বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরল টেবিল টেনিস

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফিরছে টেবিল টেনিস। মঙ্গলবার থেকে এই কেন্দ্রে শুরু হচ্ছে ২০২৬ সালের অষ্টম স্টেট অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ সময় পর এই ভেন্যুতে প্রতিযোগিতামূলক খেলা আয়োজনের সুযোগ পাওয়ায় ক্রীড়ামহলে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি শর্মি সেনগুপ্ত জানিয়েছেন, অতীতে একাধিকবার এই কেন্দ্রটি ব্যবহারের জন্য আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কারণে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে আয়োজকদের। তবে এবার আবেদনের প্রেক্ষিতে দ্রুত অনুমতি মেলায় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরের পরিকাঠামো ও মেঝের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। টুর্নামেন্ট আয়োজনের জন্য সেই জায়গাটি মেরামত করতে বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়েছে। আগের তুলনায় প্রশাসনিক সহযোগিতার এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন টেবিল টেনিস কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *