বিগ বসের পর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন রাজবীর দে? জানালেন নিজেই

বিগ বসের পর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন রাজবীর দে? জানালেন নিজেই

‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশের পর থেকেই চর্চায় রয়েছেন শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে। নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে টানাপোড়েন— সব মিলিয়ে গেমের সমীকরণে তিনি এখন বেশ পোক্ত অবস্থানে। নেটিজেনদের একাংশ তাঁকে এবারের শো-এর সম্ভাব্য বিজয়ী হিসেবেও দেখছেন। শো-এর জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর ফ্যান ফলোয়িং।

বিগ বসের ঘরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজবীরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। শো থেকে বেরিয়ে তিনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী, সেই প্রশ্নের উত্তরে রাজবীর জানান, তাঁর কাছে যে কাজ আগে আসবে, তিনি সেটিই করবেন। বাংলা ও হিন্দি— দুই ইন্ডাস্ট্রি থেকে একসঙ্গে প্রস্তাব এলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যেখানে পারিশ্রমিক বেশি পাবেন, সেই কাজটিই বেছে নেবেন।

পারিশ্রমিক সমান হলে কী করবেন, এই প্রশ্নের উত্তরে রাজবীর জানান, যে প্রজেক্টে তাঁর ‘স্ক্রিন প্রেজেন্স’ বেশি থাকবে, সেখানেই কাজ করবেন। রাজবীরের এই কৌশলী উত্তরের মাঝেই রসিকতার সুরে সৌরভ দাস জানান, রাজবীর ব্যক্তিগতভাবে তাঁকে হিন্দিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। যদিও সৌরভের মতে, এমন ইচ্ছা পোষণ করার মধ্যে কোনো ভুল নেই। সব মিলিয়ে সাংবাদিক বৈঠকে রাজবীরের স্পষ্টবাদিতা ও সৌরভের রসিকতায় বেশ জমজমাট পরিবেশ তৈরি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *