ইঁদুরের ওপর গবেষণায় অণ্ডকোষ অপসারণ ও আয়ু বৃদ্ধির সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় ইঁদুরের অণ্ডকোষ অপসারণ এবং আয়ু বৃদ্ধির মধ্যে এক চমকপ্রদ সম্পর্ক উঠে এসেছে। গবেষণায় দেখা গিয়েছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ বাদ দিলে তাদের আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই অস্ত্রোপচার করলেও ইঁদুরের আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে দাবি করা হয়েছে। তবে এই গবেষণাটি এখনও পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি, তাই একে চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হচ্ছে না।
গবেষণার খাতিরে পুরুষ ইঁদুরদের তিনটি ভিন্ন দলে ভাগ করে বিভিন্ন বয়সে অণ্ডকোষ অপসারণ করা হয়। এর মধ্যে বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু ১৯ শতাংশ, বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু ২৬ শতাংশ এবং মানুষের প্রায় ৩০ বছর বয়সের সমতুল্য সময়ে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু ৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গবেষকদের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অণ্ডকোষের কিছু জৈবিক কার্যকলাপ শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে, যা আয়ু কমিয়ে দেয়।
তবে আয়ু বাড়লেও ইঁদুরগুলোর সামগ্রিক শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়নি। বরং গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচার করা ইঁদুরদের মধ্যে হাতের শক্তি কমে যাওয়ার মতো বার্ধক্যজনিত লক্ষণগুলো স্পষ্ট ছিল। অর্থাৎ, আয়ু বাড়লেও বার্ধক্য প্রক্রিয়া ধীর হওয়ার কোনো প্রমাণ মেলেনি। গবেষকরা এখন অণ্ডকোষ অপসারণের পরবর্তী শারীরিক পরিবর্তনগুলো নিয়ে আরও বিশদ বিশ্লেষণের চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই আয়ু বাড়ানোর কোনো বিকল্প চিকিৎসা পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব হয়। মানুষের ক্ষেত্রে এই গবেষণার প্রভাব নিয়ে এখনও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।