রাজ্যে ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা, আবেদন ফি মকুবের সিদ্ধান্ত

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির নিয়োগ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি শূন্যপদে নতুন করে নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাবলিক সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, জেলাশাসকের মাধ্যমে কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারি চাকরির আবেদন প্রক্রিয়ায় বেকার যুবক-যুবতীদের জন্য আবেদন ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
সবথেকে বেশি শূন্যপদ রয়েছে স্বরাষ্ট্র দফতরে। পুলিশ এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস মিলিয়ে মোট ৯,২৫০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে কনস্টেবল পদে ৮,০০০ জন, সাব-ইনস্পেক্টর পদে ৬৫০ জন এবং রাইফেলম্যান পদে ৬০০ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া অ্যান্টি-নারকোটিক্স বিভাগে ৪৮ জন এবং সাইবার ক্রাইম বিভাগে ১৬০ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি পঞ্চায়েত, পর্যটন এবং পুর ও নগরোন্নয়ন দফতরেও কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়েও তৎপরতা শুরু হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, যা ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হতে পারে। এরপর নবম-দশম শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।