দর্শক চাহিদার পরেও প্রেক্ষাগৃহে শো কমার আশঙ্কায় ‘সাধক বামাক্ষ্যাপা’

গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। নির্মাতাদের দাবি, মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সপ্তাহের কাজের দিনগুলিতেও একাধিক শো হাউজফুল হওয়ার খবর পাওয়া গিয়েছে। দর্শকদের প্রশংসা এবং মুখে মুখে প্রচারের ফলে ছবিটি নিয়ে প্রত্যাশার চেয়েও ভালো সাড়া মিলছে বলে জানিয়েছেন নির্মাতারা।
তবে আগামী শুক্রবার থেকে ছবিটির প্রদর্শন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই দিন রাজশ্রী প্রোডাকশন্সের নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন ছবিটির জন্য প্রেক্ষাগৃহে পর্যাপ্ত জায়গা করতে গিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো কমিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে হল মালিক ও প্রদর্শকদের পক্ষ থেকে নির্মাতাদের জানানো হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, নতুন ছবির মুক্তি নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে যে ছবিটি দর্শকদের সমর্থন পাচ্ছে, তাকে প্রেক্ষাগৃহে টিকে থাকার সুযোগ দেওয়া উচিত বলে তাঁরা মনে করছেন। দুই ছবির জন্যই ন্যায্য সংখ্যক শো বরাদ্দ করার আবেদন জানিয়ে হল মালিক ও প্রদর্শকদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ‘সাধক বামাক্ষ্যাপা’-র টিম। এখন শেষ পর্যন্ত প্রদর্শন সূচি নিয়ে কোনো সমাধান মেলে কি না, সেটাই দেখার বিষয়।