একাধিক ক্রেডিট কার্ড রাখা নিয়ে কী বলছে আরবিআই? জেনে নিন নিয়ম

একজন ব্যক্তি কতগুলি ক্রেডিট কার্ড নিজের কাছে রাখতে পারবেন, তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। অর্থাৎ, কোনো গ্রাহক চাইলে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করতেই পারেন। তবে কার্ড ইস্যু করার ক্ষেত্রে ব্যাঙ্কগুলো নিজস্ব কিছু নিয়ম মেনে চলে। কোনো গ্রাহক নতুন কার্ডের জন্য আবেদন করলে ব্যাঙ্কগুলো তার আয়, ঋণ পরিশোধের অতীত ইতিহাস এবং বর্তমান ঋণের পরিমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখে।
আপনার যদি আগে থেকেই তিনটি ক্রেডিট কার্ড থাকে এবং আপনি চতুর্থ কার্ডের জন্য আবেদন করেন, তবে ব্যাঙ্ক আপনার সামগ্রিক আর্থিক প্রোফাইল পর্যালোচনা করবে। কার্ডের সংখ্যা বেশি হলেও ক্রেডিট লিমিট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। মোট ক্রেডিট লিমিট থাকলেই যে পুরো টাকা খরচ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং প্রতি মাসে যতটুকু অর্থ সহজে পরিশোধ করা সম্ভব, ততটুকুই খরচ করা বুদ্ধিমানের কাজ। সময়মতো বিল পরিশোধ না করলে বকেয়া পরিমাণের ওপর অতিরিক্ত সুদ ও চার্জ ধার্য করা হয়।
অনেকের ধারণা, একাধিক ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট স্কোর কমে যায়। তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। ক্রেডিট স্কোর মূলত নির্ভর করে আপনি কার্ডগুলো কীভাবে ব্যবহার করছেন এবং সময়মতো বিল পরিশোধ করছেন কি না তার ওপর। নিয়ম মেনে কার্ড ব্যবহার করলে এবং নিয়মিত বকেয়া মিটিয়ে দিলে একাধিক কার্ড থাকলেও ক্রেডিট স্কোরে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। তাই কার্ডের সংখ্যার চেয়ে ব্যবহারের অভ্যাসের দিকে নজর দেওয়া বেশি জরুরি।