ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ ৪৪ শতাংশ, বাড়ল বাড়ি ভাড়াও

ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ ৪৪ শতাংশ, বাড়ল বাড়ি ভাড়াও

ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ২০২২ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত মোট ৩৬ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে বর্তমানে তা বেড়ে ৪৪ শতাংশে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ লক্ষ ২ হাজার ৫৬৩ জন কর্মী এবং ৮১ হাজার ১৯ জন পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বেতনের ফারাক কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ বাড়িয়ে মূল বেতনের ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভাতার সর্বোচ্চ সীমা মাসে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নিয়ম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বর্ধিত সুযোগ-সুবিধা প্রদানের ফলে রাজ্য কোষাগারের ওপর বছরে প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। এর আগে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৫ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার।

অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার বেতন সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের আদলে ত্রিপুরাতেও বেতন কাঠামো সংশোধনের প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫৭ করা হয়েছিল। রাজ্য সরকারের দাবি, উত্তর-পূর্বের কোনো রাজ্য এত কম সময়ে সরকারি কর্মীদের ডিএ-তে ৩৬ শতাংশ বৃদ্ধি করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *