নবীন পট্টনায়কের বিদেশ সফর নিয়ে তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিদেশ সফরের তথ্য নিয়ে তদন্তের নির্দেশ দিল সে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের জনপ্রশাসন বিভাগের প্রিন্সিপাল সচিব এসকে বশিষ্ঠ এই বিষয়টি তদন্ত করে দেখবেন। ২৪ বছরের দীর্ঘ শাসনে নবীন পট্টনায়ক তিনবার বিদেশ সফর করেছিলেন, যার মধ্যে শেষ দুটি সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
২০২২ সালের জুন মাসে ১১ দিনের ইটালি ও দুবাই সফর এবং ২০২৩ সালের এপ্রিলে জাপান ও সিঙ্গাপুর সফরের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ওই সফরগুলিতে নবীনের সঙ্গী ছিলেন তৎকালীন ব্যক্তিগত সচিব ভিকে পান্ডিয়ান এবং ওড়িশার তদানীন্তন রেসিডেন্ট কমিশনার রবি কান্ত। আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্য অসম্পূর্ণ ও অস্পষ্ট বলে অভিযোগ ওঠার পরেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে রবি কান্ত বিএসএফ-এর আইজি হিসেবে কর্মরত রয়েছেন।
রাজ্যের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আগে এই তদন্ত ঘিরে ওড়িশার রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিজেডি এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। দলের মতে, প্রশাসনিক ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই সরকার এই বিতর্ক তৈরি করছে। অন্যদিকে, বিজেপির একাংশের দাবি, দলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই তদন্তের প্রয়োজন ছিল। সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে ওড়িশার রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।