কেরলের সমবায় ব্যাঙ্কগুলি নেতাদের এটিএম হয়ে উঠেছে, সিপিএম-কে নিশানা রাজীব চন্দ্রশেখরের

কেরলের সমবায় ব্যাঙ্কগুলি রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত এটিএম-এ পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি দাবি করেন, রাজ্যের সমবায় ব্যাঙ্ক, পাবলিক সার্ভিস কমিশন, দেবস্বম বোর্ড এবং পুলিশের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে সিপিএম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কেরলের রাজনীতিতে অপরাধের প্রভাব ক্রমশ বাড়ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
সমবায় ক্ষেত্রে দুর্নীতির খতিয়ান তুলে ধরে রাজীব চন্দ্রশেখর জানান, গত ১০ বছরে সমবায় ব্যাঙ্কগুলিতে ১,৫৮২ কোটি টাকার গরমিল হয়েছে। বর্তমানে সাড়ে চারশো সমবায় সমিতি আমানতকারীদের টাকা ফেরত দিতে অক্ষম এবং ২৫১টি সমিতিতে দুর্নীতির প্রমাণ মিলেছে। এর মধ্যে ২৭টি সমবায় দুর্নীতির মামলায় প্রায় ৫৫০ কোটি টাকার গরমিল নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত চালাচ্ছে।
নির্দিষ্ট উদাহরণ হিসেবে তিনি কারুভান্নুর সমবায় ব্যাঙ্কের কথা উল্লেখ করেন, যেখানে ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়া নেমোম এলাকায় ১২০০-র বেশি আমানতকারী তাঁদের জমা রাখা ১০৮ কোটি টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি কান্নুর জেলায় সমবায় সপ্তাহের অনুষ্ঠানে বক্তৃতায় বাধা দেওয়ার ঘটনায় আটজন সিপিএম কর্মীর বিরুদ্ধে পায়ান্নুর পুলিশ মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।