ইন্দোনেশিয়ায় আটক বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই জাহাজ, গন্তব্য ছিল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে পরিচিত সোডিয়াম পারক্লোরেট বোঝাই একটি জাহাজ আটক করেছে। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চীন থেকে বাংলাদেশে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলের জলসীমায় জ্বালানি নেওয়ার সময় জাহাজটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন নৌবাহিনীর টহলদারি দলের সদস্যরা।
নৌবাহিনীর কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটি সন্দেহভাজন জাহাজটিকে থামিয়ে তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটিতে ৩৬টি কন্টেনার ছিল, যার মধ্যে ১৫টি কন্টেনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট মজুত ছিল। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক, যা শিল্পক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়। তল্লাশির সময় জাহাজের নথিপত্রে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজের নথিপত্রের বৈধতা স্থগিত অবস্থায় ছিল। এছাড়া বিপজ্জনক পণ্য পরিবহণের নিয়মাবলি এবং যাত্রার আইনগত অনুমোদনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটির নাবিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।