ভেন্টিলেশন থেকে সরানো হল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে

ভেন্টিলেশন থেকে সরানো হল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে

সোমবার সকালে বিজেপি বিধায়ক রেখা পাত্রকে ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ছাড়াই তিনি কেমন থাকেন, তা পর্যবেক্ষণ করতেই চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তিনি অল্পবিস্তর কথাও বলছেন এবং মুখ দিয়ে সামান্য জলও পান করতে পেরেছেন।

চিকিৎসকদের মতে, বিধায়কের ফুসফুসে লালা জমে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। সিটি স্ক্যানে বিষয়টি ধরা পড়ার পর অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

উল্লেখ্য, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, ভুলবশত তাঁর পেটে বিষাক্ত হার্বাল লার্ভিসাইড চলে গিয়েছিল। কলকাতায় আনার সময় তাঁর রক্তচাপ ও নাড়ির স্পন্দনে অসামঞ্জস্য ছিল এবং তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *