অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে নিজের বাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়।
বসিরহাট থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের শরীরে বিষক্রিয়ার প্রভাব লক্ষ্য করা গেছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
রেখা পাত্রের চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং হিঙ্গলগঞ্জের বিধায়কের এই আকস্মিক অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।