রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে সংবিধান দিবস, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের

কেন্দ্রের নির্দেশ মেনে এবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবস পালন করা হবে। আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবার এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, সংবিধানের মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। স্কুলের প্রাতঃকালীন সমাবেশে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। এছাড়া সংবিধানের বিষয়বস্তুকে কেন্দ্র করে পোস্টার তৈরি, ছবি আঁকা, বুকমার্ক ও কোলাজ তৈরির মতো সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পড়ুয়াদের বিআর অম্বেডকর, রাজেন্দ্রপ্রসাদ ও জওহর লাল নেহরুর মতো বিশিষ্ট ব্যক্তিদের অবদান সম্পর্কেও অবগত করতে হবে।
এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে গুগল ট্র্যাকারের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণকারী পড়ুয়াদের পরিসংখ্যান ও জিও-ট্যাগ সম্বলিত ছবি ও ভিডিও আপলোড করার। মূলত সাংবিধানিক নীতি ও আদর্শের প্রচার প্রসারই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।