দক্ষিণ দিনাজপুরে সরকারি জমি দখলকারী পাঁচ বাংলাদেশির বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল প্রশাসন

দক্ষিণ দিনাজপুরে সরকারি জমি দখলকারী পাঁচ বাংলাদেশির বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল প্রশাসন

দক্ষিণ দিনাজপুরের হিলিতে সরকারি জমি দখল করে বসবাসকারী পাঁচ বাংলাদেশি নাগরিকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। রবিবার দুপুরে পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধভাবে ভারতে প্রবেশ করে হিন্দু পরিচয়ে সরকারি জমি দখল করে থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে। তদন্তে উঠে আসে যে, ধৃতরা মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দু নাম ব্যবহার করে সরকারি জমিতে টিনের বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

উচ্ছেদ অভিযানের সময় এলাকায় ব্যাপক কৌতূহলী মানুষের ভিড় জমেছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রায় এক ঘণ্টার অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়। বর্তমানে ধৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে তপনের একটি শেল্টার হোমে রাখা হয়েছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *