টেক্সাসে পুলিশের গুলিতে আহত তিন, গ্রেফতার ১৮ বছর বয়সী যুবক

আমেরিকার টেক্সাসে একটি পুলিশি অভিযানের সময় গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, টাস্কফোর্সের সদস্যরা একটি কমপ্লেক্সের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের দিকে তেড়ে আসেন। এ সময় অফিসাররা তাদের সশস্ত্র অবস্থায় দেখতে পান এবং আসন্ন হুমকি মনে করে গুলি চালান। এতে তিনজন আহত হন। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।
পুলিশ ১৮ বছর বয়সী দাওয়ান অ্যান্টনি টেলর নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শান্তি অফিসারের ওপর মারাত্মক অস্ত্র নিয়ে হামলার সক্রিয় পরোয়ানা ছিল। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গুলিবিদ্ধ তিনজনের পরিচয় বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ডালাস কাউন্টি পাবলিক ইন্টিগ্রিটি ইউনিটের সহায়তায় গারল্যান্ড পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ২১ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।